'বহুমাত্রিক বাংলাদেশ' থিমে আজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হচ্ছে বাঙালির প্রাণের উৎসব ‘অমর একুশে বইমেলা ২০২৬’। ‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার দুপুর ২টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিবারের মতো এবারও বাংলা একাডেমি প্রাঙ্গণ ও ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে বসছে লেখক, পাঠক ও প্রকাশকদের এই মিলনমেলা।
মেলার বিন্যাস ও অংশগ্রহণ
এবারের মেলায় মোট ৫৪৯টি প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করছে। এর মধ্যে বাংলা একাডেমি চত্বরে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। সব মিলিয়ে মোট ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৮টি। এছাড়াও ৮৭টি লিটল ম্যাগাজিন নিয়ে লিটল ম্যাগাজিন চত্বর এবং শিশুদের জন্য ৬৩টি প্রতিষ্ঠানের ১০৭টি ইউনিট নিয়ে শিশুচত্বর সাজানো হয়েছে।
মেট্রোরেল ও নতুন পরিকল্পনা
মেট্রোরেল স্টেশনের কারণে এবারের মেলার বিন্যাসে কিছুটা পরিবর্তন এসেছে। টিএসসি, দোয়েল চত্বর, এমআরটি বেসিং প্লান্ট এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন দিয়ে মোট চারটি পথে মেলায় প্রবেশ ও বাহির হওয়া যাবে। পবিত্র রমজান মাস উপলক্ষে তারাবি নামাজের বিশেষ আয়োজনও থাকছে। মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা সংস্থাগুলো পাঠকদের জন্য ২৫ শতাংশ কমিশনে বই বিক্রি করবে।
নিরাপত্তার জন্য প্রায় ৩০০টি ক্লোজসার্কিট ক্যামেরা বসানো হয়েছে। পুলিশ, র্যাব এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সোয়াট টিমের পাশাপাশি সাদা পোশাকের বিশেষ পুলিশ দল সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। ধূমপান ও পলিথিনমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও রমজানের কারণে মেলা কিছুটা পিছিয়ে ২৬শে ফেব্রুয়ারি শুরু হচ্ছে যা চলবে ১৫ই মার্চ পর্যন্ত। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে, তবে ছুটির দিনে সকাল ১১টা থেকেই মেলা শুরু হবে। প্রতি শুক্র ও শনিবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ‘শিশুপ্রহর’ ঘোষণা করা হয়েছে যা শিশুদের আনন্দে নতুন মাত্রা যোগ করবে।