সর্বশেষ
Loading breaking news...

বিষাক্ত বাতাসে দম বন্ধ: দূষণের শীর্ষে ফের ঢাকা, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী

খবরের ছবি
ছবি: সংরক্ষণাগার

রাজধানী ঢাকার বাতাস আবারও বিপজ্জনক মাত্রায় দূষিত হয়ে পড়েছে। দীর্ঘদিন বৃষ্টির দেখা না মেলায় দূষণের মাত্রা সহনীয়তার সীমা ছাড়িয়েছে। রবিবার সকালে প্রকাশিত সর্বশেষ তথ্যে দেখা যায়, ১৯৭ একিউআই স্কোর নিয়ে অস্বাস্থ্যকর বাতাসের শহরের তালিকায় ঢাকা বিশ্বের চতুর্থ স্থানে অবস্থান করছে। এই চিত্র নগরবাসীর জন্য ভয়াবহ স্বাস্থ্যঝুঁকির বার্তা দিচ্ছে।

সুইজারল্যান্ডভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের বায়ুমান সূচক অনুযায়ী, দূষণের এই বৈশ্বিক তালিকায় ঢাকার চেয়েও ভয়াবহ অবস্থায় রয়েছে আরও তিনটি শহর। তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যেখানে বায়ুমান স্কোর ৩৯২। এরপরেই রয়েছে ভারতের দুই শহর কলকাতা ও দিল্লি। অন্যদিকে পঞ্চম অবস্থানে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ।

বায়ুমানের স্কোরকার্ড ও নগরবাসীর স্বাস্থ্যঝুঁকি

বায়ুমান সূচক বা একিউআই (AQI) স্কোর মূলত বাতাসের গুণগত মান পরিমাপের একটি পদ্ধতি। স্কোর যখন ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য 'অস্বাস্থ্যকর' হয়ে ওঠে। ঢাকার বর্তমান স্কোরের মতো যখন মান ১৫১ থেকে ২০০-এর মধ্যে থাকে, তখন সেই বাতাসকে সবার জন্যই 'অস্বাস্থ্যকর' হিসেবে গণ্য করা হয় যা পরিবেশগত বিপর্যয়ের সংকেত।

বিশেষজ্ঞদের মতে, স্কোর ২০১ থেকে ৩০০ হলে পরিস্থিতিকে 'খুব অস্বাস্থ্যকর' বলা হয় এবং এ অবস্থায় শিশু, বয়স্ক ও অসুস্থদের বাড়ির বাইরে বের হতে নিরুটসাহিত করা হয়। আর স্কোর ৩০১ ছাড়ালে তা 'ঝুঁকিপূর্ণ' পরিস্থিতি হিসেবে বিবেচিত হয়। ঢাকার বর্তমান অবস্থা নগরবাসীর ফুসফুস ও শ্বাসযন্ত্রের মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

এই দূষণ নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা। বিশেষ করে রাস্তা নির্মাণ এবং কলকারখানার ধোঁয়া নিয়ন্ত্রণের ওপর জোর দেওয়া হচ্ছে। মাস্ক ব্যবহার এবং যথাসম্ভব ঘরের ভেতরে থাকাই এখন নগরবাসীর জন্য একমাত্র সমাধান হয়ে দাঁড়িয়েছে। আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা না থাকায় পরিস্থিতির উন্নতির আশা কম।

আরও পড়ুন