সর্বশেষ
Loading breaking news...

মশার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা ডিএসসিসির: লার্ভা পেলেই জেল-জরিমানা

খবরের ছবি
ছবি: সংরক্ষণাগার

রাজধানীতে মশার দাপট রুখতে এবার কোমর বেঁধে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। মশক নিধন কার্যক্রমে যেকোনো ধরনের শিথিলতা বা অবহেলার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম। নগরবাসীর জীবনযাত্রা নির্বিঘ্ন করতে এবং মশার উৎপাত নিয়ন্ত্রণে কোনো ধরনের গাফিলতি বা দুর্নীতি সহ্য করা হবে না বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

মাঠ পর্যায়ে ‘অ্যাকশন’: মশা মারতে ১০ দিনের ক্রাশ প্রোগ্রাম

শনিবার নগর ভবন অডিটোরিয়ামে স্বাস্থ্য বিভাগের মশক নিধন শাখার কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি সভায় এই রণকৌশল নির্ধারণ করা হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামীকাল থেকেই ডিএসসিসির ১০টি অঞ্চলে একযোগে শুরু হবে ১০ দিনব্যাপী বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’। এই অভিযানে সিটি করপোরেশনের কর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণও নিশ্চিত করা হবে। প্রশাসক নিজে সরাসরি মাঠ পর্যায়ে উপস্থিত থেকে মশক নিধন কার্যক্রম তদারকি করবেন বলে সভায় জানানো হয়।

মশা নিয়ন্ত্রণে এবার কেবল ওষুধ ছিটানোতেই সীমাবদ্ধ থাকছে না কর্তৃপক্ষ। বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য বিভাগকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় ওষুধের কার্যকারিতা নিশ্চিত করা এবং প্রয়োজনে নতুন ও কার্যকর ওষুধ পরীক্ষামূলকভাবে ব্যবহারের বিষয়ে আলোচনা হয়। সরকারি বা বেসরকারি যেকোনো স্থাপনায় মশার উৎপত্তিস্থল পাওয়া গেলে এবং বারবার সতর্ক করার পরও কোনো পদক্ষেপ না নিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় এই সভায় করপোরেশনের সচিব মোহাম্মদ নাছিম আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ সব বিভাগীয় প্রধান ও আঞ্চলিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মশক নিধনে প্রশাসনিক স্বচ্ছতা ও মাঠ পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করাই এখন নগর কর্তৃপক্ষের প্রধান লক্ষ্য।

মশার প্রজননস্থল ধ্বংসে নগরবাসীকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে নির্মাণাধীন ভবন এবং ছাদবাগানে জমে থাকা পানির বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। ডিএসসিসির এই কঠোর অবস্থান মশা নিয়ন্ত্রণে কতটুকু কার্যকর হয়, সেটাই এখন দেখার বিষয়।

আরও পড়ুন