এপস্টিন কেলেঙ্কারি: হট টাবে অজ্ঞাত নারী প্রসঙ্গে বিল ক্লিনটনের জবানবন্দি
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন সম্প্রতি জেফরি এপস্টিনকে ঘিরে সৃষ্ট বহুল আলোচিত কেলেঙ্কারির তদন্তে কংগ্রেস কমিটির সামনে দিনব্যাপী রুদ্ধদ্বার সাক্ষ্য দিয়েছেন। নিউইয়র্কে প্রতিনিধি পরিষদের ওভারসাইট কমিটির সামনে অনুষ্ঠিত এই শুনানিতে ক্লিনটন স্পষ্ট জানিয়েছেন যে, তিনি কোনো প্রকার অন্যায় কাজের সঙ্গে যুক্ত নন। বিশেষ করে একটি বিতর্কিত ছবিতে থাকা ব্যক্তিকে তিনি চিনতে পারেননি বলে দাবি করেছেন।
হট টাব এবং অজ্ঞাত নারী রহস্য
সম্প্রতি এপস্টিনের মামলায় প্রকাশিত নথিপত্রে ক্লিনটনের নাম উঠে আসে এবং একটি ছবিতে এক অজ্ঞাত নারীর সঙ্গে তাকে হট ট্যাবে থাকতে দেখা যায়। এই ছবিকে কেন্দ্র করেই মূলত এদিন কংগ্রেস সদস্যদের প্রশ্নের মুখে পড়তে হয় তাকে। মার্কিন বিচার বিভাগ কর্তৃক প্রকাশিত নথিতে থাকা সেই ছবিতে ব্যক্তির পরিচয় সুরক্ষার জন্য মুখাবয়ব আবছা করা হয়েছিল। জিজ্ঞাসাবাদকালে ক্লিনটন জোর দিয়ে বলেন যে, তিনি ওই নারীকে চিনতেন না এবং কোনো অনৈতিক সম্পর্কে জড়িত ছিলেন না।
সাক্ষ্যদানের আগে দেওয়া বিবৃতিতে বিল ক্লিনটন জানান, যদি এপস্টিনের অপরাধমূলক কার্যকলাপ সম্পর্কে তার ন্যূনতম ধারণা থাকত, তবে তিনি তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতেন। তিনি স্পষ্ট করেন যে, তিনি এপস্টিনের উড়োজাহাজে ভ্রমণ করলেও তার অন্ধকার জগত সম্পর্কে কিছুই জানতেন না। উল্লেখ্য, ক্লিনটনের জবানবন্দির মাত্র একদিন আগে তার স্ত্রী হিলারি ক্লিনটনও একই কমিটির সামনে সাক্ষ্য দিয়ে নিজেদের নির্দোষ দাবি করেন।
প্রাথমিকভাবে ক্লিনটন দম্পতি কংগ্রেস কমিটির সামনে হাজির হতে অস্বীকৃতি জানিয়েছিলেন, কিন্তু পরে আইনপ্রণেতারা কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিলে তারা রাজি হন। হাউস ওভারসাইট কমিটির রিপাবলিকান চেয়ারম্যান জেমস কোমার এই সাক্ষ্য গ্রহণকে অত্যন্ত ফলপ্রসূ হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানিয়েছেন, ক্লিনটন প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার আন্তরিক চেষ্টা করেছেন এবং অচিরেই এই সাক্ষ্যের ভিডিও প্রকাশ করা হবে।
তদন্ত চলাকালীন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এপস্টিনের সম্পর্কের প্রসঙ্গও উত্থাপিত হয়। ডেমোক্র্যাট সদস্যরা দাবি করেন যে ক্লিনটনের সাক্ষ্যে ট্রাম্প সম্পর্কে নতুন তথ্য থাকতে পারে, যদিও রিপাবলিকানরা তা অস্বীকার করেছেন। অতীতে মাত্র ছয়জন মার্কিন প্রেসিডেন্ট কংগ্রেসের সামনে হাজির হলেও এমন আনুষ্ঠানিক জিজ্ঞাসাবাদ নজিরবিহীন। তাই জেমস কোমার এই দিনটিকে মার্কিন রাজনৈতিক ইতিহাসে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন।