সর্বশেষ
Loading breaking news...

এপস্টাইন সংযোগ ও কর ফাঁকির অভিযোগে পদত্যাগ করলেন ফরাসি প্রাক্তন মন্ত্রী জ্যাক ল্যাং

খবরের ছবি
ছবি: সংরক্ষণাগার

মার্কিন ধনকুবের জেফরি এপস্টাইনের সঙ্গে বিতর্কিত যোগাযোগ এবং গুরুতর কর ফাঁকির অভিযোগে তদন্ত শুরু হওয়ার মুখে পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রাক্তন সংস্কৃতিমন্ত্রী ও আরব ওয়ার্ল্ড ইনস্টিটিউটের প্রেসিডেন্ট জ্যাক ল্যাং। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে। এপস্টাইন কেলেঙ্কারিতে নাম জড়ানো এবং আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠায় আন্তর্জাতিক রাজনীতিতে এই ঘটনা নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে।

ফরাসি আর্থিক প্রসিকিউটর দপ্তর জ্যাক ল্যাং এবং তার কন্যা ক্যারোলিন ল্যাং-এর বিরুদ্ধে ‘গুরুতর কর ফাঁকি ও অর্থ পাচারের’ অভিযোগে তদন্ত শুরু করেছে। গত ৩০ জানুয়ারি মার্কিন বিচার বিভাগ কর্তৃক প্রকাশিত নথিতে দেখা যায়, ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত ল্যাং ও এপস্টাইনের মধ্যে নিয়মিত যোগাযোগ এবং একাধিক আর্থিক লেনদেন হয়েছে। এই তথ্য প্রকাশ্যে আসার পর রাজনৈতিক ও জনমতের চাপে জ্যাক ল্যাং পদত্যাগ করতে বাধ্য হন।

এপস্টাইন নথিতে ৬০০ বারের বেশি উল্লেখ

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ফাঁস হওয়া এপস্টাইন সংক্রান্ত নথিপত্রে জ্যাক ল্যাং-এর নাম ৬০০ বারেরও বেশি উল্লেখ করা হয়েছে, যা তাদের সম্পর্কের গভীরতা নির্দেশ করে। এর আগে এপস্টাইনের সঙ্গে যোগসূত্র থাকায় ল্যাং-এর মেয়ে ক্যারোলিন ল্যাং ফ্রান্সের ‘ইন্ডিপেন্ডেন্ট প্রোডাকশন ইউনিয়ন’-এর প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। এখন বাবার পদত্যাগ সেই বিতর্কের আগুনে নতুন করে ঘি ঢেলে দিল।

তবে জ্যাক ল্যাং তার বিরুদ্ধে আনা সব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বিবৃতিতে তিনি বলেন, “আমি তদন্তকে স্বাগত জানাই এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজেকে নির্দোষ প্রমাণ করব।” তার আইনজীবী লরেন্ট মার্লেট দাবি করেছেন, কোনো অবৈধ অর্থ লেনদেনের প্রমাণ নেই। তবে বিচার বিভাগ সত্য উদ্ঘাটনে যা চাইবে, তাতে পূর্ণ সহযোগিতা করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

আন্তর্জাতিক মহলে তোলপাড়

প্রিন্স অ্যান্ড্রু বা পিটার ম্যান্ডেলসনের মতো প্রভাবশালী ব্যক্তিদের পর এবার জ্যাক ল্যাং-এর নাম এপস্টাইন কেলেঙ্কারিতে যুক্ত হওয়ায় বিশ্বজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ফ্রান্সের সংস্কৃতি অঙ্গনের একসময়ের দাপুটে এই নেতার বিদায় এবং চলমান তদন্ত ফরাসি রাজনীতির ভাবমূর্তিতে বড় ধরনের ধাক্কা বলে মনে করা হচ্ছে। তদন্তের ফলাফল কী হয়, সেদিকেই এখন সবার নজর।

আরও পড়ুন