মৃত মায়ের দেহ লুকিয়ে বছরের পর বছর পেনশন তুললেন কন্যা! জার্মানিতে চাঞ্চল্য
জার্মানির বাভারিয়াতে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এক নারী তার শতবর্ষী মায়ের মৃতদেহ গোপন করে দীর্ঘদিন ধরে মায়ের নামে আসা পেনশন তুলে যাচ্ছিলেন। জার্মানির পুলিশ ওই নারীর বাড়ি থেকে তার মায়ের মমি করা দেহ উদ্ধার করেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কীভাবে জানা গেল এই চাঞ্চল্যকর ঘটনা?
রাহমানসফেলডেন শহরের মেয়র বিষয়টি প্রথম কর্তৃপক্ষের নজরে আনেন। মেয়র জানান, সোফি বি নামের এক বৃদ্ধাকে প্রতি বছর জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি গত আট বছর ধরে তার বাড়িতে ঢোকার চেষ্টা করছিলেন। কিন্তু প্রতিবারই সোফির মেয়ে ক্রিস্টা বি কোনো না কোনো অজুহাতে তাকে ভেতরে ঢুকতে বাধা দেন।
অভিযানে উদ্ধার মমি, শুরু তদন্ত
একপর্যায়ে, ক্রিস্টা দাবি করেন যে তার মা দুই বছর আগে চেক প্রজাতন্ত্রে মারা গেছেন। এই তথ্যের সত্যতা যাচাই করতে গিয়েই কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরবর্তীতে বিষয়টি পাবলিক প্রসিকিউটরের দপ্তরকে জানানো হলে ঘটনার তদন্ত শুরু হয়। ফেব্রুয়ারির শুরুতে পুলিশ ক্রিস্টার বাড়িতে অভিযান চালায় এবং সেখান থেকে সোফির মমি করা মৃতদেহ উদ্ধার করে।
পেনশন জালিয়াতির অভিযোগ
পুলিশের প্রাথমিক অনুমান, ক্রিস্টা মায়ের মৃত্যুর খবর গোপন করে প্রায় ১ হাজার ৫০০ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লক্ষ ১৭ হাজার টাকা) করে মাসিক পেনশন তুলেছেন। বছরের পর বছর ধরে এই প্রতারণা চলে আসছিল।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত সম্পন্ন হলেও মৃত্যুর সঠিক কারণ বা সময় এখনো নির্ধারণ করা যায়নি। তবে, হত্যাকাণ্ড হয়নি বলেই মনে করা হচ্ছে। বর্তমানে পেনশন জালিয়াতির অভিযোগে একটি তদন্ত শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, বেশ কয়েক বছর আগেই সোফির মৃত্যু হয়েছে।