সর্বশেষ
Loading breaking news...

চীনা রোবটকে 'স্বদেশী' বলে ফাঁস! এআই সম্মেলনে ভারতীয় বিশ্ববিদ্যালয় বহিষ্কৃত

খবরের ছবি
ছবি: সংরক্ষণাগার

নয়াদিল্লিতে আয়োজিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলন ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। সম্মেলনে চীনের তৈরি একটি রোবট কুকুরকে নিজেদের উদ্ভাবন হিসেবে উপস্থাপন করার চেষ্টা করে সমালোচনার মুখে পড়েছে ভারতের গ্যালগোটিয়াস বিশ্ববিদ্যালয়। এই ঘটনার ফলে আয়োজক দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় বিশ্ববিদ্যালয়টিকে সম্মেলন থেকে বহিষ্কার করা হয়েছে। বার্তাসংস্থা এপি দুই সরকারি কর্মকর্তার বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।

আবিষ্কারের দাবি বনাম প্রযুক্তির আসল উৎস

বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে 'ওরিয়ন' নামের একটি রোবট। সম্মেলনের ঠিক আগের দিন বিশ্ববিদ্যালয়টির যোগাযোগ বিভাগের অধ্যাপক নেহা সিং রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম ডিডি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেন, রোবটটি বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সেলেন্সে তৈরি হয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ব্যবহারকারীরা দ্রুতই তথ্যটি যাচাই করে প্রমাণ করেন যে, রোবটটি আসলে চীনের ইউনিট্রি রোবটিক্স কোম্পানির তৈরি 'ইউনিট্রি গো ২' মডেল। গবেষণা ও শিক্ষাক্ষেত্রে বহুল ব্যবহৃত এই রোবটটির অনলাইন মূল্য প্রায় ১ হাজার ৬০০ ডলার।

প্রকাশ্যে ক্ষমা ও কর্তৃপক্ষের ব্যাখ্যা

এই তথ্য বিভ্রাট আয়োজক ভারতের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা এপিকে জানিয়েছেন। অন্যদিকে, অধ্যাপক নেহা সিং পরে দাবি করেন যে, তিনি রোবটটিকে পুরোপুরি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উদ্ভাবন হিসেবে স্পষ্টভাবে উল্লেখ করেননি। গ্যালগোটিয়াস বিশ্ববিদ্যালয় প্রথমে এই অভিযোগকে 'অপপ্রচার' বলে উড়িয়ে দিলেও পরবর্তীতে তারা অবস্থান পরিবর্তন করে। নতুন বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, পণ্যের প্রযুক্তিগত উৎস সম্পর্কে অধ্যাপক নেহা সিং অবগত ছিলেন না এবং ক্যামেরার সামনে কথা বলার উচ্ছ্বাসে তিনি ভুল বক্তব্য দিয়েছেন। এই বিভ্রান্তির জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছে।

আরও পড়ুন