সর্বশেষ
Loading breaking news...

মেক্সিকোর মাদক সম্রাট ‘এল মেনচো’ নিহত; কার্টেলের প্রতিশোধে বিপর্যস্ত জনজীবন

খবরের ছবি
ছবি: সংরক্ষণাগার

মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট এবং জালিস্কো নিউ জেনারেশন কার্টেল (সিজেএনজি)-এর প্রধান নেমেসিও ওসেগেরা সার্ভান্তেস, যিনি 'এল মেনচো' নামে পরিচিত, নিরাপত্তা বাহিনীর এক বিশেষ অভিযানে নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা এই অপরাধীর মাথার দাম ছিল দেড় কোটি ডলার। মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মেক্সিকো সিটিতে স্থানান্তরের সময় তার সমর্থকদের সঙ্গে সেনাবাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত হয়ে তিনি মারা যান।

সহিংস প্রতিশোধ ও অচল জনজীবন

এল মেনচোর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই মেক্সিকোজুড়ে কার্টেল সদস্যরা প্রতিশোধমূলক তাণ্ডব শুরু করে। দেশটির আটটি অঙ্গরাজ্যে গাড়ি পোড়ানো, সড়ক অবরোধ এবং নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটেছে। বিশেষ করে গুয়াদালাহারা এবং পুয়ের্তো ভালার্তায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ধোঁয়ার কুণ্ডলীতে আচ্ছন্ন হয়ে পড়েছে পর্যটন নগরীগুলো, এবং হাজারো পর্যটক সেখানে আটকা পড়েছেন।

নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতির কারণে ইউনাইটেড, আমেরিকান এবং এয়ার কানাডার মতো বড় বিমান সংস্থাগুলো মেক্সিকোর গুরুত্বপূর্ণ রুটগুলোতে ফ্লাইট বাতিল করেছে। ডেল্টা এয়ারলাইন্সের একটি ফ্লাইটকে মাঝপথ থেকে ঘুরিয়ে নেওয়া হয়েছে। জালিস্কোর গভর্নর নাগরিকদের জন্য 'কোড রেড' সতর্কতা জারি করে ঘরে থাকার নির্দেশ দিয়েছেন।

সাবেক পুলিশ কর্মকর্তা থেকে বিশ্বের অন্যতম ভয়ংকর মাদক সম্রাট হয়ে ওঠা এল মেনচো কোকেন ও ফেন্টানিল পাচারের বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। তার মৃত্যু মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মাদকবিরোধী যুদ্ধের জন্য একটি বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে। মার্কিন সাবেক রাষ্ট্রদূত ক্রিস্টোফার ল্যান্ডাউ তাকে 'রক্তপিপাসু' হিসেবে আখ্যায়িত করে এই অভিযানকে স্বাগত জানিয়েছেন।

এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র তার নাগরিকদের জন্য মেক্সিকোর বেশ কয়েকটি রাজ্যে 'শেল্টার ইন প্লেস' বা নিরাপদ স্থানে আশ্রয়ের সতর্কতা জারি করেছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন, তবে কার্টেলের পরবর্তী পদক্ষেপ নিয়ে দেশজুড়ে গভীর উদ্বেগ বিরাজ করছে।

আরও পড়ুন