সর্বশেষ
Loading breaking news...

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পাকিস্তানের সামনে ‘অসম্ভব’ সমীকরণ

খবরের ছবি
ছবি: সংরক্ষণাগার

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের একেবারে শেষ পর্যায়ে এসে নাটকীয় এক পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে পাকিস্তান ক্রিকেট দল। কাগজে-কলমে এখনও সেমিফাইনালে ওঠার ক্ষীণ সম্ভাবনা জিইয়ে থাকলেও সেই স্বপ্নপূরণের জন্য প্রয়োজন এক অবিশ্বাস্য গাণিতিক অলৌকিকতা। নিউজিল্যান্ডের পরাজয়ে তাদের পথ সামান্য উন্মুক্ত হয়েছে, তবে এবার নিজেদের হাতেই কঠিনতম শর্ত পূরণ করতে হবে বাবর আজমের দলকে।

শুক্রবার রাতে কলম্বোতে ইংল্যান্ডের নাটকীয় জয় পাকিস্তানের হৃদয়ে নতুন করে আশার সঞ্চার করেছে। ইংল্যান্ড যদি নিউজিল্যান্ডকে পরাজিত না করত, তবে পাকিস্তানের বিদায় তখনই নিশ্চিত হয়ে যেত। কিউইদের পরাজয়ে আপাতত টিকে রইল পাকিস্তানের সেমিফাইল খেলার স্বপ্ন। তবে এই টিকে থাকা নিছক ভাগ্য নয়, বরং অত্যন্ত কঠিন শর্তে বাঁধা এক চ্যালেঞ্জ।

রানরেটের মারপ্যাঁচ: জয়ের ব্যবধান নির্ধারণ করবে ভাগ্যলিখন

সুপার এইট পর্বের দ্বিতীয় গ্রুপে এখন একটিমাত্র ম্যাচ বাকি, যেখানে পাল্লেকেলেতে শনিবার সন্ধ্যায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। পাকিস্তান যদি শ্রীলঙ্কার বিরুদ্ধে জিততে ব্যর্থ হয়, তবে তাদের বিদায় ঘণ্টা বেজে যাবে। কিন্তু জিতলেও পথ সহজ হবে না। বর্তমানে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের নেট রান রেট পাকিস্তানের চেয়ে অনেক উন্নত।

বর্তমানে +১.৩৯০ নেট রান রেট নিয়ে কিউইরা অনেকটাই সুবিধাজনক অবস্থানে রয়েছে। এর বিপরীতে পাকিস্তানের নেট রান রেট মাইনাস ০.৪৬১। এই বিশাল ব্যবধান ঘুচিয়ে নিউজিল্যান্ডকে টপকে যেতে হলে নির্দিষ্ট শর্ত অনুযায়ী, আগে ব্যাট করলে পাকিস্তানের জয়ের ব্যবধান হতে হবে কমপক্ষে ৬৪ রান। আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করলে তাদের ১৩.১ ওভারের মধ্যে ম্যাচ শেষ করতে হবে।

প্রথম সেমির মঞ্চ প্রস্তুত: প্রতিপক্ষ হতে পারে ভারত

এই কঠিন সমীকরণ মেলাতে পারলেই পাকিস্তান নিজেদের টিকিট নিশ্চিত করবে এবং কলম্বোতে অনুষ্ঠিতব্য প্রথম সেমিফাইনালে নাম লেখাবে। পাকিস্তান সেরা চারে উঠলে প্রথম সেমিতে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ভারত অথবা ওয়েস্ট ইন্ডিজ। এখন দেখার বিষয়, মহাকাব্যিক এই সমীকরণ মিলিয়ে বাবর আজমরা কোনো অলৌকিক কিছু ঘটাতে পারেন কিনা।

আরও পড়ুন