সর্বশেষ
Loading breaking news...

মাঠের রূপকথা ম্লান কেলেঙ্কারির কালিমায়: ইতালির ক্রিকেটে যৌন হেনস্তার বিস্ফোরক অভিযোগ

খবরের ছবি
ছবি: সংরক্ষণাগার
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্সের রেশ কাটতে না কাটতেই ঘোর অমানিশা নেমে এল ইতালির ক্রিকেটে। মাঠের লড়াইয়ে যখন তারা বিশ্বমঞ্চে প্রশংসিত, ঠিক তখনই বোর্ডের অন্দরমহলে ফাটল ধরালো এক গুরুতর অভিযোগ। ইতালির ক্রিকেট ফেডারেশনের এক প্রভাবশালী কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন খোদ জাতীয় নারী দলের এক ক্রিকেটার। এই ঘটনায় তোলপাড় শুরু হয়েছে দেশটির ক্রীড়াঙ্গনে।
 

নেপথ্যের চাঞ্চল্যকর অভিযোগ

অভিযোগের তীর ইতালির নারী ক্রিকেট সমন্বয়ক প্রবাথ একনেলিগোদার দিকে। বিষয়টি প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছে ইতালিয়ান ক্রিকেট ফেডারেশন। ২০২৫ সাল পর্যন্ত দায়িত্ব পালনের কথা থাকলেও পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে অভিযুক্তকে তাৎক্ষণিকভাবে সমস্ত ফেডারেল কার্যক্রম থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বোর্ডের এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, বিষয়টি বর্তমানে ফেডারেল প্রসিকিউটরের কার্যালয়ে তদন্তাধীন। ন্যায়বিচার নিশ্চিত করা, ক্রীড়াঙ্গনের স্বচ্ছতা বজায় রাখা এবং অযাচিত গুজব প্রতিরোধেই এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বোর্ড।
 

ষড়যন্ত্র নাকি ধ্রুব সত্য?

ঘটনার মোড় অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টাও চলছে। বিবিসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত একনেলিগোদার আইনজীবী তাঁর মক্কেলের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, এই অভিযোগের পেছনে কোনো ‘গভীর ষড়যন্ত্র’ বা ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে। এদিকে, বরখাস্তের আদেশ থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন ভারতের মাটিতে দেখা গিয়েছিল একনেলিগোদাকে। এ বিষয়ে ইতালির মিডিয়া ম্যানেজার রাকবির হাসান নিশ্চিত করেছেন যে, তিনি কোনো সরকারি দায়িত্বে ছিলেন না; বরং তৎকালীন বোর্ড সভাপতি মারিয়া লোরেনা হাজ পাজের সফরসঙ্গী হিসেবেই তিনি সেখানে উপস্থিত ছিলেন।

কেবল যৌন কেলেঙ্কারিই নয়, ইতালিয়ান ক্রিকেট বোর্ডের সামগ্রিক কাঠামোই এখন টালমাটাল। বিশ্বকাপ অভিযানের পরপরই সভাপতি হাজ পাজকে সরে যেতে হয়েছে। প্রধান নির্বাহী লুকা ব্রুনো মালাসপিনা জানিয়েছেন, ছয়জন বোর্ড সদস্যের পদত্যাগের ফলে ফেডারেল কাউন্সিল কার্যত ভেঙে পড়েছে।

যদিও বোর্ড দাবি করছে, এই প্রশাসনিক ভাঙনের সঙ্গে বর্তমান যৌন হেনস্তার অভিযোগের সরাসরি কোনো যোগ নেই। অথচ মাঠের খেলায় ইতালির পুরুষ দল এবারই প্রথম বিশ্বকাপে এসে চমক দেখিয়েছিল। নেপালকে ১০ উইকেটে হারানো কিংবা ইংল্যান্ডের মতো পরাশক্তির বিপক্ষে শেষ পর্যন্ত লড়াই—সবই প্রশংসা কুড়িয়েছে। কিন্তু মাঠের সেই সোনালী সাফল্য এখন ঢেকে যাচ্ছে প্রশাসনিক কেলেঙ্কারির কালো মেঘে।

আরও পড়ুন