সর্বশেষ
Loading breaking news...

রাজপরিবারে নজিরবিহীন কেলেঙ্কারি: ভাই গ্রেপ্তার, সিংহাসন বাঁচাতে বড় পরীক্ষার মুখে রাজা চার্লস

খবরের ছবি
ছবি: সংরক্ষণাগার

ব্রিটেনের রাজপরিবারের ইতিহাসে এক নজিরবিহীন ও অকল্পনীয় ঘটনা ঘটে গেল। খোদ রাজার ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে গ্রেপ্তারের ঘটনায় এক গভীর সংকটের আবর্তে পড়েছেন রাজা তৃতীয় চার্লস। সিংহাসনে আরোহণের পর থেকেই একের পর এক ব্যক্তিগত ও পারিবারিক ঝামেলার মোকাবিলা করতে হচ্ছে তাঁকে; তবে এবারের ধাক্কাটি সম্ভবত তাঁর রাজত্বের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। আধুনিক ইতিহাসে এই প্রথম ব্রিটিশ রাজপরিবারের কোনো জ্যেষ্ঠ সদস্যকে হাতকড়া পরতে হলো।

সিংহাসনের পথে অবিরাম কন্টকশয্যা

২০২২ সালের সেপ্টেম্বরে রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণের পর চার্লস যখন রাজদণ্ড হাতে নেন, তখন থেকেই অস্থিরতা যেন তাঁর নিত্যসঙ্গী। দীর্ঘ প্রতীক্ষার পর ২০২৩ সালের মে মাসে তাঁর জাঁকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠান ঐতিহ্য ও ধারাবাহিকতার বার্তা দিলেও পর্দার আড়ালের চিত্রটা ছিল ভিন্ন। অভিষেকের আগেই ছোট ছেলে প্রিন্স হ্যারি তাঁর স্মৃতিকথা ‘স্পেয়ার’ প্রকাশ করে পরিবারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। ক্যালিফোর্নিয়ায় বসবাসরত হ্যারির সঙ্গে সেই দূরত্ব আজও পুরোপুরি মেটেনি।

পারিবারিক কলহের রেশ কাটতে না কাটতেই ২০২৪ সালের শুরুতে ৭৭ বছর বয়সী রাজা নিজে এবং তাঁর পুত্রবধূ তথা প্রিন্সেস অব ওয়েলস ক্যাথরিন ক্যানসারে আক্রান্ত হন। তবে অতীতের সব সংকটকে ছাপিয়ে গেছে ছোট ভাই অ্যান্ড্রুর গ্রেপ্তারের ঘটনা। মার্কিন দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে অ্যান্ড্রুর পুরনো সম্পর্ক নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ নতুন নথি প্রকাশ করলে সেই বিতর্কই দাবানলের রূপ নেয়।

রাজতন্ত্রের নৈতিক ভিতে বড় ফাটল?

পরিস্থিতির ভয়াবহতা আঁচ করতে পেরে রাজা চার্লস এক বিরল বিবৃতিতে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন এবং স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, ‘আইন তাঁর নিজস্ব গতিতেই চলবে’। এক রাজকীয় ভাষ্যকারের মতে, ‘অ্যান্ড্রু ছিলেন প্রয়াত রানির রেখে যাওয়া এক অবিস্ফোরিত বোমা, যা দুর্ভাগ্যবশত চার্লসের হাতে এসে বিস্ফোরিত হলো।’ তদন্তে যদি প্রমাণ মেলে যে রাজপরিবার কোনোভাবে অ্যান্ড্রুকে আড়াল করার চেষ্টা করেছে, তবে তা রাজতন্ত্রের নৈতিক ভিত্তিকে চূর্ণবিচূর্ণ করে দিতে পারে।

বিশেষ করে রানির দীর্ঘ শাসনামল যে স্থিতিশীলতা দিয়েছিল, তাঁর অবর্তমানে তা যেন তাসের ঘরের মতো নড়বড় করছে। রাজতন্ত্রের হৃত গৌরব পুনরুদ্ধারে ভবিষ্যতে বড়সড় রদবদলের প্রয়োজন হতে পারে, যার ইঙ্গিত ইতিমধ্যেই দিয়েছেন ভবিষ্যৎ রাজা প্রিন্স উইলিয়াম। বর্তমান সংকটটি রাজপরিবারের জন্য একটি চরম অগ্নিপরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন