সর্বশেষ
Loading breaking news...

বিশ্বাসভঙ্গের চরম মাশুল! উইকিপিডিয়ার কালো তালিকায় জনপ্রিয় ‘আর্কাইভ ডটটুডে’

খবরের ছবি
ছবি: সংরক্ষণাগার
তথ্যের নির্ভরযোগ্য উৎস হিসেবে দীর্ঘদিনের সুনাম নিমেষেই ধুলিসাৎ হয়ে গেল। বিশ্বের সর্ববৃহৎ অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়া শেষ পর্যন্ত ‘আর্কাইভ ডটটুডে’ (archive.today)-কে তাদের প্ল্যাটফর্ম থেকে চিরতরে নিষিদ্ধ বা ‘ব্ল্যাকলিস্ট’ভুক্ত করার কঠোর সিদ্ধান্ত নিয়েছে। উইকিপিডিয়ার সম্পাদকরা সর্বসম্মতিক্রমে জানিয়েছেন, নিরাপত্তার চরম ঝুঁকি এবং তথ্য বিকৃতির গুরুতর অভিযোগের কারণেই এই জনপ্রিয় ওয়েব আর্কাইভিং পরিষেবাটির সব ধরনের লিংক মুছে ফেলা হচ্ছে।
 

বিশ্বাসভঙ্গের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য

পরিসংখ্যান অনুযায়ী, উইকিপিডিয়ায় এ পর্যন্ত প্রায় ছয় লক্ষ পঁচানব্বই হাজারেরও বেশি বার তথ্যসূত্র হিসেবে এই সাইটটি ব্যবহৃত হয়েছে। মূলত যেসব সংবাদ বা প্রবন্ধ পড়ার জন্য অর্থ খরচ করতে হয় (পে-ওয়াল), সেগুলো বিনামূল্যে পড়ার সুযোগ করে দেওয়ার কারণেই আর্কাইভ ডটটুডে নেটিজেনদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল। কিন্তু উইকিপিডিয়া কর্তৃপক্ষের দাবি, এই জনপ্রিয়তার আড়ালে বড়সড় নিরাপত্তার ফাঁদ পাতা ছিল।

তাদের মতে, পাঠকদের এমন কোনো ওয়েবসাইটে পাঠানো উচিত নয়, যা ব্যবহারকারীদের অজান্তেই তাদের কম্পিউটার বা ডিভাইস দখল করে ‘ডিস্ট্রিবিউটেড ডিনায়েল অব সার্ভিস’ (DDoS) বা সাইবার আক্রমণ চালাতে ব্যবহার করে। অতীতে ২০১৩ সালে একবার সাইটটিকে কালো তালিকাভুক্ত করা হলেও ২০১৬ সালে তা প্রত্যাহার করা হয়েছিল, কিন্তু এবারের অভিযোগ অনেক বেশি গুরুতর।
 

সাইবার ষড়যন্ত্রের গোপন নকশা

উইকিপিডিয়ার এই কঠোর অবস্থানের পেছনে রয়েছে এক গভীর সাইবার ষড়যন্ত্রের অভিযোগ। জানা গেছে, ব্লগার জানি পাতোকালিও-কে লক্ষ্য করে এই সাইটটি অপব্যবহার করা হচ্ছিল। পাতোকালিও জানান, গত ১১ জানুয়ারি থেকে যারা আর্কাইভটির ‘ক্যাপচা’ পেজ লোড করেছেন, তারা ঘুণাক্ষরেও টের পাননি যে তাদের ব্রাউজারে একটি জাভাস্ক্রিপ্ট কোড রান করা হচ্ছে। এই কোডটি স্বয়ংক্রিয়ভাবে পাতোকালিও-র ‘জাইরোভ্যাগ’ ব্লগে আক্রমণের নির্দেশ পাঠাচ্ছিল, যার মূল উদ্দেশ্য ছিল তার হোস্টিং খরচ বাড়িয়ে দেওয়া।

আরও ভয়াবহ বিষয় হলো, উইকিপিডিয়া সম্পাদকদের তদন্তে প্রমাণ মিলেছে যে, আর্কাইভ ডটটুডে সংরক্ষিত পেজের মূল তথ্য পরিবর্তন করে সেখানে পাতোকালিও-র নাম ঢুকিয়ে দিচ্ছিল। একটি আর্কাইভ সাইট যদি নিজেই ইতিহাস বা তথ্য বিকৃত করে, তবে তার গ্রহণযোগ্যতা যে শূন্যের কোঠায়, তা বলাই বাহুল্য। এমতাবস্থায় সম্পাদকদের নির্দেশ দেওয়া হয়েছে, অবিলম্বে এই সাইটের সমস্ত লিংক সরিয়ে ‘ওয়েব্যাক মেশিন’-এর মতো নির্ভরযোগ্য উৎসের লিংক ব্যবহার করতে।

আরও পড়ুন