গড়াই নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ, ১৯ ঘণ্টা পর একজনের মরদেহ উদ্ধার
কুষ্টিয়ার খোকসা উপজেলায় গড়াই নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া দুই শিশুর মধ্যে তাইবা (৭) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল ৯টার দিকে উপজেলার ওসমানপুর খেয়াঘাট এলাকা থেকে নিখোঁজের প্রায় ১৯ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই শিশুর মরদেহটি উদ্ধার করে।
নিহত তাইবা ওসমানপুর এলাকার ফারুকের মেয়ে। তবে এ ঘটনায় সুরাইয়া (৮) নামে একই এলাকার সোহেলের মেয়ে এখনও নিখোঁজ রয়েছে। নিহত তাইবা এবং নিখোঁজ সুরাইয়া উভয়েই ওসমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। তাদের এই মর্মান্তিক পরিণতিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ওসমানপুর খেয়াঘাট এলাকায় চার শিশু গড়াই নদীতে গোসলে নামে। সাঁতার কেটে নদীর মাঝখানে জেগে ওঠা একটি চরের দিকে যাওয়ার সময় তারা হঠাৎ পানির প্রবল স্রোতের মুখে পড়ে। এ সময় ঘাটে থাকা নৌকার মাঝিরা দ্রুত এগিয়ে এসে সামিয়া ও সুমাইয়া নামের দুই শিশুকে জীবিত উদ্ধার করতে পারলেও তাইবা ও সুরাইয়া পানিতে ডুবে যায়।
চলছে উদ্ধার অভিযান
নিখোঁজ শিশুদের সন্ধানে শনিবার বিকাল থেকেই নদীর তীরে ভিড় করতে শুরু করেন স্বজন ও এলাকাবাসী। সন্তানকে হারিয়ে পরিবারের সদস্যদের কান্নায় নদী পাড়ের পরিবেশ ভারী হয়ে উঠেছে। পুরো গ্রামজুড়ে এখন এক হৃদয়বিদারক পরিস্থিতি বিরাজ করছে।
খোকসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট কর্মকর্তা রওশন আলী জানিয়েছেন, দীর্ঘ তল্লাশির পর তাইবার মরদেহ উদ্ধার সম্ভব হয়েছে। অপর নিখোঁজ শিশু সুরাইয়াকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় জেলেরা নদীর বিভিন্ন পয়েন্টে নিরবচ্ছিন্নভাবে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।