বিশ্ববিখ্যাত হেভি মেটাল ব্যান্ড ‘মেটালিকা’ তাদের ভক্তদের জন্য এক অনন্য চমক নিয়ে আসছে। লাস ভেগাসের স্থাপত্য বিস্ময় ‘স্ফিয়ার’-এ তারা রেকর্ডসংখ্যক ২৪টি মেগা শো করার ঘোষণা দিয়েছে। মূলত ২০টি শো করার কথা থাকলেও ভক্তদের আকাশচুম্বী চাহিদার কথা মাথায় রেখে আরও চারটি শো বাড়ানো হয়েছে। এই কনসার্ট সিরিজটি আগামী ১ অক্টোবর থেকে শুরু হয়ে ২০২৭ সালের মার্চ পর্যন্ত চলবে।
রেকর্ড গড়ার প্রস্তুতি
ব্যান্ডের ঘোষিত সময়সূচি অনুযায়ী, অক্টোবরে ১০টি, নভেম্বরে ২টি এবং জানুয়ারিতে আরও ২টি কনসার্ট অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারি ও মার্চ মাসে যথাক্রমে ৬টি ও ৪টি শো হবে। বর্তমানে মেটালিকা ইউরোপ ও ব্রিটেন সফরে ব্যস্ত রয়েছে। নয়টি গ্র্যামি জয়ী এই ব্যান্ডটি প্রায় তিন মাসের বিরতির পর সরাসরি লাস ভেগাসের অত্যাধুনিক মঞ্চে ফিরবে।
স্থাপত্য ও সংগীতে বিস্ময়
লাস ভেগাসের ‘স্ফিয়ার’ ভেন্যুটি বর্তমানে বিশ্বের অন্যতম আধুনিক কনসার্ট হল। গোলকাকৃতির এই থিয়েটারে প্রায় ২০ হাজার দর্শক একযোগে অতি উন্নত প্রযুক্তির মাধ্যমে সংগীত উপভোগ করতে পারেন। মেটালিকার আগে ইউটু এবং ইগলসের মতো কিংবদন্তি ব্যান্ডগুলো এখানে সফল পারফরম্যান্স দেখিয়েছে। এখন মেটালিকার থ্র্যাশ মেটাল জাদুর অপেক্ষায় ভক্তরা। মেটালিকার সংগীত যাত্রার শুরু হয়েছিল ১৯৮১ সালে। এখন পর্যন্ত ১১টি স্টুডিও অ্যালবামের মাধ্যমে তারা বিশ্বজুড়ে কোটি ভক্তের মন জয় করেছে। তাদের সর্বশেষ অ্যালবাম ‘সেভেন্টি টু সিজনস’ ২০২৩ সালে প্রকাশিত হয়। মেটালিকার এই ২৪টি মেগা শো হেভি মেটাল সংগীতের ইতিহাসে এক নতুন মাইলফলক স্থাপন করতে যাচ্ছে। ইতিমধ্যে অনলাইনে টিকিট সংগ্রহের জন্য শুরু হয়েছে তুমুল প্রতিযোগিতা। ৫ মার্চ থেকে টিকিট বিক্রি শুরু হওয়ায় ভক্তরা দ্রুত নিজেদের আসন নিশ্চিত করছেন। মেটালিকার এই বিশাল প্রত্যাবর্তন সংগীত জগতে বছরের অন্যতম বড় ঘটনা হতে যাচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।