ডোপ টেস্ট মিস করায় অলিম্পিক পদকজয়ী ফ্রেড কার্লি ২ বছরের জন্য নিষিদ্ধ
ডোপ পরীক্ষার নিয়ম ভঙ্গের দায়ে যুক্তরাষ্ট্রের অলিম্পিক পদকজয়ী স্প্রিন্টার ফ্রেড কার্লিকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। অ্যাথলেটিকস ইন্টিগ্রিটি ইউনিট (এআইইউ) এই নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে। চলতি বছর নির্ধারিত তিনটি ডোপ পরীক্ষার নমুনা দিতে ব্যর্থ হওয়ায় ৩০ বছর বয়সী এই স্প্রিন্টারের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞার ফলে আগামী দুই বছর আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না ফ্রেড কার্লি।
ডোপিংবিরোধী নীতিমালা অনুযায়ী, কোনো ক্রীড়াবিদ যদি এক বছরের মধ্যে তিনবার নির্ধারিত ডোপ পরীক্ষায় অনুপস্থিত থাকেন, তবে তাকে সর্বোচ্চ দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া যেতে পারে। ফ্রেড কার্লির ক্ষেত্রেও ঠিক এই নিয়মই প্রযোজ্য হয়েছে। এআইইউ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, কার্লি ডোপ পরীক্ষার জন্য নিজের অবস্থানসংক্রান্ত তথ্য সরবরাহ করতে ব্যর্থ হয়ে আচরণবিধি লঙ্ঘন করেছেন।
ক্যারিয়ারে বড় ধাক্কা
২০২০ সালের টোকিও অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্টে রৌপ্য পদক জিতেছিলেন ফ্রেড কার্লি। এরপর ২০২৪ সালের প্যারিস অলিম্পিকেও একই ইভেন্টে তিনি ব্রোঞ্জ পদক লাভ করেন। আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের অন্যতম সফল স্প্রিন্টার হিসেবে পরিচিতি রয়েছে তাঁর। তার এই নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের অ্যাথলেটিকস দলের জন্য একটি বড় ক্ষতি।
এই নিষেধাজ্ঞার ফলে আপাতত ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে দূরে থাকতে হবে এই তারকা স্প্রিন্টারকে। ৩০ বছর বয়সে এসে দুই বছরের বিরতি তার ফর্মে ফেরার ক্ষেত্রে বড় অন্তরায় হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ক্রীড়াঙ্গনে স্বচ্ছতা বজায় রাখতে ডোপিং টেস্টের নিয়ম কানুন যে কতটা কঠোর, এই ঘটনা তার প্রমাণ। অবস্থান জানাতে ব্যর্থ হওয়া বা টেস্ট মিস করাকে ডোপিং পজিটিভ হওয়ার মতোই গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়, যার খেসারত এখন দিতে হচ্ছে কার্লিকে।