ক্যামেরা ছেড়ে এবার মঞ্চ মাতাতে আসছেন অস্কারজয়ী পরিচালক টারান্টিনো
অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা কুয়েন্টিন টারান্টিনোকে আপাতত নতুন কোনো সিনেমার পরিচালনায় দেখা যাচ্ছে না। চলচ্চিত্র জগত থেকে সাময়িক বিরতি নিয়ে তিনি এবার মঞ্চ নাটকের দিকে মনোযোগ দিয়েছেন। সিনেমার ক্যামেরা ছেড়ে এবার লন্ডনের মঞ্চ কাঁপানোর প্রস্তুতি নিচ্ছেন এই কিংবদন্তি পরিচালক।
‘দ্য মুভি ক্রিটিক’ বাতিল, নতুন পথে অস্কারজয়ী পরিচালক
সম্প্রতি টারান্টিনো তার পরিকল্পিত নতুন সিনেমা ‘দ্য মুভি ক্রিটিক’ প্রকল্পটি বাতিল করেছেন। অন্যদিকে, তার সাড়া জাগানো সিনেমা ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’-এর সিকুয়েলটি পরিচালনা করছেন আরেক খ্যাতনামা পরিচালক ডেভিড ফিঞ্চার। ফলে হাতে কোনো সিনেমার কাজ না থাকায় এই অস্কারজয়ী নির্মাতা তার দীর্ঘদিনের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চলেছেন।
আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, টারান্টিনোর লেখা এই নাটকটি হবে ‘পুরনো ধাঁচের ব্রিটিশ প্রহসন’। তিনি নিজেই এটি নির্দেশনা দেবেন। ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, নাটকটি হবে শারীরিক কৌতুকে ভরপুর, যা লন্ডনের ওয়েস্ট এন্ডের জনপ্রিয় কমেডির কথা মনে করিয়ে দেয়। চলতি বছরের সেপ্টেম্বর বা অক্টোবরে লন্ডনের ওয়েস্ট এন্ডে নাটকটি মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে।
কে বা কারা অভিনয় করবেন এই নাটকে, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। হলিউডের একঝাঁক নামী তারকাকে এই মঞ্চে দেখা যেতে পারে। তবে টারান্টিনো এই নাটকের জন্য উদীয়মান অভিনেতা এবং প্রতিষ্ঠিত তারকাদের এক দারুণ সমন্বয় ঘটাবেন। গত বছর এক পডকাস্টে তিনি প্রথম এই মঞ্চ নাটকের প্রতি তার আগ্রহের কথা জানিয়েছিলেন।
টারান্টিনোর এই নতুন অভিযান তার ভক্তদের জন্য এক বড় চমক। রুপালি পর্দার জাদুকর মঞ্চে কতটা সফল হন, তা দেখার অপেক্ষায় আছেন বিশ্বজুড়ে তার অনুসারীরা। উল্লেখ্য, ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ ছিল টারান্টিনো নির্মিত সর্বশেষ সিনেমা।