সর্বশেষ
Loading breaking news...

রিয়াল মাদ্রিদ শিবিরে 'চোট-মহামারি'! সিটির বিপক্ষে লড়াইয়ের আগে বড় ধাক্কা

খবরের ছবি
ছবি: সংরক্ষণাগার

কয়েক মৌসুম ধরেই যেন চোটের এক অদৃশ্য অভিশাপ তাড়া করে ফিরছে রিয়াল মাদ্রিদকে। পুরো শক্তির স্কোয়াড নিয়ে মাঠে নামার স্মৃতি ক্লাবটির জন্য এখন রীতিমতো গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ের ঠিক আগমুহূর্তে সেই পুরোনো আতঙ্কই নতুন করে গ্রাস করেছে গ্যালাকটিকোদের। চোটাক্রান্ত খেলোয়াড়দের দীর্ঘ মিছিলে এবার যুক্ত হয়েছেন দলের অন্যতম নির্ভরযোগ্য লেফট-ব্যাক আলভারো কাররেয়াস।

মহাদ্বৈরথের আগেই জোরালো ধাক্কা

আগামী বুধবার সান্তিয়াগো বের্নাবেউয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-র প্রথম লেগে ম্যানসিটির মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এই মহারণের আগে কাররেয়াসের ছিটকে যাওয়া দলের জন্য এক বিশাল ধাক্কা। এক সপ্তাহ আগে লা লিগায় গেতাফের বিপক্ষে ম্যাচে ডান পায়ের পেশিতে আঘাত পান তিনি। গত সোমবার ক্লাব থেকে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে তার চোটের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কাররেয়াসের চোট ঠিক কতটা গুরুতর বা তিনি কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে ক্লাবের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে স্প্যানিশ গণমাধ্যম 'এএস'-এর প্রতিবেদন অনুযায়ী, ম্যানসিটির বিপক্ষে প্রথম লেগে তার না থাকাটা নিশ্চিত। গত গ্রীষ্মে বেনফিকা থেকে রিয়ালে যোগ দেওয়ার পর থেকেই কোচের দারুণ আস্থাভাজন হয়ে উঠেছিলেন এই ২২ বছর বয়সী তারকা।

কেবল কাররেয়াসই নন, চোটের কারণে আগে থেকেই মাঠের বাইরে রয়েছেন রক্ষণভাগের দুই নির্ভরযোগ্য সেনানী এদের মিলিতাও এবং ডাভিড আলাবা। পাশাপাশি মিডফিল্ডার দানি সেবাইয়োসও চোটের সঙ্গে লড়াই করছেন। তবে সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে রিয়াল মাদ্রিদের আক্রমণভাগ। চোটের ছোবলে পুরো মৌসুমের জন্যই ছিটকে গেছেন ফরোয়ার্ড রদ্রিগো।

এর পাশাপাশি গোলের জন্য দলের সবচেয়ে বড় ভরসা কিলিয়ান এমবাপেকে ঘিরেও তৈরি হয়েছে চরম শঙ্কা। সোমবার তিনি অনুশীলনে ঘাম ঝরালেও সিটির বিপক্ষে তার খেলার সম্ভাবনা কম। সব মিলিয়ে চোটের এই ভয়াল মহামারিতে জর্জরিত রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে ম্যানসিটির মতো প্রবল প্রতিপক্ষের বিপক্ষে কীভাবে নিজেদের দুর্গ সামলায়, এখন সেটাই দেখার বিষয়।

আরও পড়ুন