ইউটিউবার অনুরাগ দোভালের গাড়ি দুর্ঘটনা: নিছক ঘটনা নাকি আত্মহত্যার চেষ্টা?
জনপ্রিয় ভারতীয় ইউটিউবার এবং ‘বিগ বস ১৭’-এর প্রতিযোগী অনুরাগ দোভাল, যিনি ‘ইউকে জিরো সেভেন রাইডার’ নামে পরিচিত, দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার ঠিক আগমুহূর্তে তিনি একটি ইনস্টাগ্রাম লাইভ করছিলেন, যেখানে দেখা যায় নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়িটি সজোরে ডিভাইডারে ধাক্কা মারে।
দুর্ঘটনার আগের রহস্যময় মন্তব্য
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় গাড়িটির গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৫০ কিলোমিটার। লাইভ চলাকালীন অনুরাগকে অত্যন্ত বিমর্ষ দেখাচ্ছিল এবং তিনি মন্তব্য করেছিলেন যে এটিই তার ‘শেষ ভিডিও’ হতে পারে। এই মন্তব্যের পর থেকেই প্রশ্ন উঠেছে যে দুর্ঘটনাটি কি কেবলই একটি ঘটনা নাকি এর পেছনে আত্মহত্যার কোনো পরিকল্পনা ছিল।
অনুরাগ সম্প্রতি সামাজিক মাধ্যমে অভিযোগ করেছিলেন যে, আন্তঃবর্ণ বিবাহের কারণে তিনি পরিবারের কাছ থেকে ক্রমাগত মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে তিনি তার ওপর আসা প্রচণ্ড মানসিক চাপের কথা বিস্তারিতভাবে বর্ণনা করেছিলেন, যা তার ভক্তদের মধ্যে উদ্বেগ বাড়িয়ে দিয়েছিল।
দুর্ঘটনার পর রক্তাক্ত অবস্থায় অনুরাগকে উদ্ধার করে দ্রুত সুভারতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বর্তমান অবস্থা নিয়ে হাসপাতাল বা পুলিশ এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ির ছবি দেখে অনুরাগ ভক্তরা শোক ও উদ্বেগে ভেঙে পড়েছেন। অনেকের ধারণা, মানসিক অবসাদ থেকেই তিনি এমন বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন।
দেরাদুনের বাসিন্দা অনুরাগ দোভাল ভারতের অন্যতম শীর্ষস্থানীয় ভ্লগার, যার ইউটিউবে ৭০ লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। মোটরসাইকেল রাইডিং এবং ভ্রমণের ভিডিওর জন্য জনপ্রিয় এই তরুণ ইউটিউবার ‘বিগ বস’-এর মাধ্যমে আরও পরিচিতি পান। পুলিশ বর্তমানে লাইভ ভিডিওর ফুটেজ খতিয়ে দেখছে এবং ঘটনার নেপথ্যে অন্য কোনো রহস্য আছে কি না তা খতিয়ে দেখছে।